এক ঐতিহাসিক ধনসম্পদ

প্রতাপপুর জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। স্থানীয়দের কাছে এটি “প্রতাপপুর বড় বাড়ি” বা “রাজবাড়ি” নামে পরিচিত। তৎকালীন সময়ে এই অঞ্চলের জমিদারদের মধ্যে প্রতাপপুর জমিদারদের অবস্থান ছিল সবার শীর্ষে।

ইতিহাস

প্রায় ১৭৬০ সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। এটি স্থাপন করেন তিন কড়ি সাহার দুই পুত্র, রাম সুন্দর সাহা এবং রামচন্দ্র সাহা। জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও ২০০২ সাল পর্যন্ত এখানে অবস্থান করেছিলেন। বর্তমানে তাদের কিছু সদস্য ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে বাস করছেন। জমিদার বাড়ির সম্পত্তি এখনও বংশধরদের মালিকানাধীন। স্থানীয়রা জমিগুলো বর্গা হিসেবে ব্যবহার করছেন এবং বছরে দুইবার বংশধররা জমিদার বাড়িতে এসে বর্গার টাকা গ্রহণ করেন।

জমিদার বাড়ির অবকাঠামো

প্রতাপপুর জমিদার বাড়ি প্রায় ১৩ একর জমির ওপর স্থাপন করা হয়েছে। এখানে ১০টি ভবন এবং ১৩টি পুকুর রয়েছে। এর মধ্যে ৫টি পুকুরে পাকা ঘাট তৈরি করা হয়েছে। ১৮৫০-৬০ সালের দিকে জমিদার রাজকৃঞ্চ সাহা ৮০০ শতক জমির ওপর একটি দৃষ্টিনন্দন জমিদার বাড়ি নির্মাণ করেন। তার পাঁচ সন্তানকে পাঁচটি পৃথক দ্বিতল ভবনে রাখা হতো। বাড়ির পুকুরগুলো মাছ চাষে ব্যবহৃত হত এবং বউদের জন্য বিশেষ পাঁচটি পুকুরে শানবাঁধানো ঘাট তৈরি করা হয়। সেই সময় আশেপাশের অঞ্চলের অন্যান্য জমিদাররা সফরবিরতিতে প্রতাপপুর জমিদার বাড়িতে অবস্থান করতেন। বাড়িটি ছিল স্থানীয় শাসনকার্যের কেন্দ্র।

বর্তমান অবস্থা

সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে না থাকায় জমিদার বাড়িটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চারপাশে লতাপাতা ঘেরা এবং কিছু ভবন ধসে পড়েছে।

সাংস্কৃতিক গুরুত্ব

প্রতাপপুর জমিদার বাড়ি শুধু ঐতিহাসিক তা নয়, এটি স্থানীয় সাংস্কৃতিক জীবনেরও অংশ। প্রতি বছর বৈশাখ মাসে সনাতন ধর্মালম্বীরা এখানে তিন দিনব্যাপী উৎসব পালন করেন। জমিদার বাড়ির পাশে প্রতিষ্ঠিত প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ও এই এলাকার শিক্ষা জীবনের অংশ।

কিভাবে যাবেন

ঢাকা থেকে ট্রেনে চরে ফেনী আসলে রেলওয়ে স্টেশনের সামনে থেকে ইজিবাইক, সিএনজি বা শহর বাস সার্ভিসে মহিপাল বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারেন। ঢাকা থেকে সরাসরি বাসে ফেনী আসলে মহিপালে নামতে হবে। মহিপাল বাস স্ট্যান্ড থেকে নোয়াখালীগামী সুগন্ধা কিং বাসে ২৫-৩০ টাকা ভাড়ায় সেবারহাট বাজারে যেতে পারবেন। সেখান থেকে প্রতাপপুর বাজারের দিকে যাওয়ার জন্য সিএনজি পাওয়া যায়। প্রতাপপুর বাজারের পাশেই অবস্থিত প্রতাপপুর জমিদার বাড়ি।

সুত্র: wikipedia.org, vromonguide.com

প্রিয় পাঠক এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানিয়ে সমৃদ্ধ করুন।

বাঁশপাড়া জমিদার বাড়ি

Was this article helpful?
YesNo

Leave a Reply

Close Search Window