মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৯৭৩ সালের ১০ মার্চ নোয়াখালীর সেনবাগ উপজেলার নজরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হাজী আবদুল হক ও মাতা খোদেজা বেগম। তার নিজস্ব বসবাস রয়েছে কলেজ রোড, উত্তর সাহাপুর, সেনবাগ, নোয়াখালীতে।

শিক্ষাজীবন শুরু হয় ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় থেকে, পরবর্তীতে কালিগঞ্জ পাইলট হাইস্কুল ও গাজীপুর শ্রমিক কলেজে অধ্যয়ন করেন। ১৯৯৪ সালে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা অর্জন করেন।

শৈশবকাল থেকেই জাহাঙ্গীর আলম বাবু অভিনয় ও সৃজনশীল কাজে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি নাট্যসংগঠন ও মঞ্চ নাটকে সক্রিয় ছিলেন। ১৯৯২-১৯৯৪ সালে ঢাকার বিভিন্ন মঞ্চে, যেমন দোয়েল চত্বরের উন্মুক্ত মঞ্চ, পাবলিক লাইব্রেরি, মহিলা সমিতি, গাইড হাউজে এবং ঢাকা পলিটেকনিকের নিজস্ব নাট্যসংগঠনের হয়ে নাটক অভিনয় ও পরিচালনা করেন। এছাড়া ছোটগল্প লেখার প্রতি তার আগ্রহ ছিল।

১৯৯৭ সালে কর্মসূত্রে তিনি সৌদি আরবে যান এবং ২০০৮ সালে সিঙ্গাপুরে পাড়ি জমান। সৌদি আরবে থাকাকালীন বিভিন্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান পরিচালনা এবং নাটক মঞ্চায়ন করতেন। অনলাইন যুগের শুরু থেকে তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতা ও ম্যাগাজিন লেখার কাজে যুক্ত হন। ২০০০ সালে রিয়াদে একটি কবিতার বই প্রকাশ করেন, যা সংরক্ষিত হয়নি।

সিঙ্গাপুরে আসার পর তার সাহিত্যিক কার্যক্রম আরও বৃদ্ধি পায়। তিনি বাংলার কণ্ঠ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যকর্ম শুরু করেন। ২০১১ সাল থেকে তার সংবাদ, ফিচার, গল্প ও উপন্যাস নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। এছাড়া, তিনি অনলাইন নিউজ পোর্টাল এবং পত্রিকাগুলোর সিঙ্গাপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

জাহাঙ্গীর আলম বাবু সিঙ্গাপুরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত এবং নিজেও প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • বাংলার কণ্ঠ কালচারাল ফাউন্ডেশন

  • বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ

  • বাংলার কণ্ঠ কালচারাল ফোরাম

  • যৌতুক প্রতিরোধ আন্দোলন

  • মাদার কেয়ার সমবায় সমিতি

  • বাংলাদেশ কবি পরিষদ (অনলাইন ফেসবুক গ্রুপ)

  • প্রবাসী সাংবাদিক সমিতি

তিনি প্রবাসের জীবনের অভিজ্ঞতা নিজের কবিতা, গল্প, উপন্যাস ও নাট্যপাণ্ডুলিপিতে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি প্রবাসীদের কল্যাণ ও সাংস্কৃতিক উন্নয়নে ব্রাইট জেনারেশন প্রপার্টিজ লিমিটেড প্রতিষ্ঠা করেছেন।

ব্যক্তিজীবনে তার স্ত্রী মমতাজ বেগম মুন্নি ও দুই মেয়ে রয়েছে।

প্রকাশিত গ্রন্থ:

  • ১৮০ ডিগ্রি – অন্যধারা পাবলিকেশন্স

সূত্র : লেখক ‘জাহাঙ্গীর’ পরিচিতি

Was this article helpful?
YesNo

Leave a Reply

Close Search Window